27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

পাঁচ সরকারি চাকরি করে ২.৮৪ লাখ পাউন্ড আত্মসাৎ, দোষী সাব্যস্ত

ব্রিটেনে একই সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কাশিম চৌধুরী নামের এক সরকারি কর্মকর্তা। পূর্ব লন্ডনের ৫৬ বছর বয়সী এই ব্যক্তি চাকরির আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়ে এবং অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি গোপন করে একাধিক চাকরি নিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাশিমের বিরুদ্ধে প্রতারণার নয়টি অভিযোগ আনা হয়েছিল। প্রায় সাত ঘণ্টা আলোচনার পর জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁকে আটটি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটি তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

আদালতের বিচারক জানিয়েছেন, এ অপরাধে কাশিমকে উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তাঁর নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক জামিনও নাকচ করেছেন। তবে তাঁর সাজা এখনো ঘোষণা করা হয়নি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের একাধিক পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি মোট প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন। ২০২৩ সালে একপর্যায়ে তিনি পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করছিলেন। তাঁর চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সপ্তাহের মোট ১৬৮ ঘণ্টার চেয়েও বেশি।

চাকরির আবেদন করার সময় নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন কাশিম। আগে থেকেই সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার বিষয়টি সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের কাছে গোপন করেন তিনি। নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকার তথ্য জানাননি।

কাশিমের কর্মস্থলগুলোর মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ, যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ), ব্যবসা ও বাণিজ্য বিভাগ, খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর।

আদালতে নিজের পক্ষে কাশিম দাবি করেন, অতীতে চাকরির অনিশ্চয়তার অভিজ্ঞতা থেকে জীবিকা হারানোর ভয় তাঁকে একাধিক চাকরি নিতে প্ররোচিত করেছিল। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তাঁর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়েছিল বলেও জানান তিনি। তাঁর দাবি, মানসিক চাপ ও উদ্বেগের কারণে চাকরির আবেদন করার সময় স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি।

তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময়ও মিথ্যা বলেছেন। তাঁর আচরণ প্রতারণার মাত্রা ও গভীরতা তুলে ধরে।

আদালতে কয়েকজন ব্যবস্থাপক কাশিমের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। ডেফরায় তাঁর ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় প্রতিটি কাজের জন্য নির্দেশনা দিতে হতো। ভিডিও বৈঠকে তিনি প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার কথা বলতেন। চার থেকে পাঁচ মাস এভাবে কাজ করার পরও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পান এবং সেখানে প্রায় দুই বছর কাজ করেন।

প্রসিকিউশনের অভিযোগ, একাধিক প্রতিষ্ঠানের কাজের চাপ সামাল দিতে কাশিম অসুস্থতাজনিত ছুটির সুযোগ নিতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটিতে ছিলেন। তবে একই সময়ে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।

ওই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস কাশিমের সঙ্গে ভিডিও বৈঠক করেন। তখন তিনি তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। অ্যাডামস আদালতে জানান, বৈঠকের শুরুতে কাশিমকে কাশতে এবং টিস্যু ব্যবহার করতে দেখা যায়। তাঁর মুখে সাদা মেকআপ ছিল বলে সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

পরে অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ইমেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে অংশ নিয়েছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির কথা বলেন। এতে সন্দেহ আরও বাড়লে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান অ্যাডামস।

২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে কাশিমের বিরুদ্ধে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। এরপর তদন্ত শুরু হয়। ওই বছরের জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেপ্টেম্বরে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে।

এদিকে, মায়ের সম্পত্তির অর্ধেক অংশ নিজের নামে লিখে নেওয়ার অভিযোগেও পারিবারিক বিরোধে জড়িয়েছেন কাশিম। তাঁর দুই ভাই ও এক বোন হাইকোর্টে করা মামলায় অভিযোগ করেছেন, মায়ের ওপর অযাচিত প্রভাব খাটিয়ে বাড়ির অর্ধেক অংশ কাশিমের নামে লিখে নেওয়া হয়েছিল।

পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের ওই বাড়িটির মূল্য প্রায় ২১ লাখ পাউন্ড। ভাই-বোনদের দাবি, তাঁদের মা ফাইজুন নেসা তখন গুরুতর অসুস্থ ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে তাঁর চতুর্থ পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসার শনাক্ত হয়। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন না। তাঁদের অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের নথি স্বাক্ষরের সময় বাংলায় অনুবাদ করে তাঁকে বিষয়টি বোঝানো হয়নি।

তবে সম্পত্তি নিয়ে ভাই-বোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম। এ বিষয়ে হাইকোর্টে করা মামলার বিচার এখনো চলমান। ফলে সরকারি চাকরি নিয়ে প্রতারণার মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি এবং পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান মামলার অভিযোগ দুটি পৃথকভাবে বিবেচ্য।

সূত্র: বিবিসি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে?

0
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হতে যাচ্ছে। চলতি আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সুবিধা...

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

0
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪...

শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

0
শীত এলেই অনেকের ত্বকে দেখা দেয় শুষ্কতা, চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব। কারও কারও ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে ফেটে যাওয়ার পাশাপাশি...

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা

0
সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এতে বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট নাগরিকেরা। কবে নাগাদ এ সমস্যার...

পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা?

0
গাড়ির বাজারে টয়োটার জনপ্রিয়তা দীর্ঘদিনের। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে বড় পরিবারের যাতায়াত—বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনায় রেখে একাধিক মডেল বিক্রি করছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানটি।...