28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

সিএনজির পর এবার যাত্রীর পকেট কাটছে ই-রিকশা

রাজধানীর সড়কে নতুন ধরনের সিএনজিচালিত অটোরিকশার আদলে তৈরি ই-রিকশা চলাচল শুরু হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এসব যানবাহনের নিবন্ধন ও চলাচলের নিয়ম করা হলেও যাত্রীভাড়া নির্ধারণ না থাকায় শুরুতেই বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ফলে সিএনজিচালিত অটোরিকশার মতো ই-রিকশাতেও ভাড়া নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মগবাজার থেকে বনানী যাওয়ার জন্য সিএনজি না পেয়ে নতুন একটি ই-রিকশার চালকের সঙ্গে কথা বলেন আবু তাইয়েব নামের এক যাত্রী। প্রায় ৬ কিলোমিটার পথের জন্য চালক প্রথমে ৪০০ টাকা ভাড়া চান। পরে দর-কষাকষির পর ৩৫০ টাকায় যেতে রাজি হন তিনি। অথচ সরকারি নির্ধারিত ভাড়া অনুযায়ী, এই দূরত্বে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া অপেক্ষমাণ সময়ের খরচ বাদে হওয়ার কথা ৮৮ টাকা।

সরকারি নিয়ম অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা। তবে অভিযোগ রয়েছে, অনেক চালক প্রথম দুই কিলোমিটারের জন্যই ২০০ টাকা পর্যন্ত দাবি করেন। এবার নতুন ই-রিকশার ক্ষেত্রেও নির্ধারিত ভাড়া বা মিটার না থাকায় যাত্রীদের দর-কষাকষি করে চলতে হচ্ছে।

বাংলাদেশ প্রতিদিনকে ই-রিকশাচালক আমিরুল ইসলাম জানান, প্রতিদিন গাড়ির জমা বাবদ তাঁকে ৮০০ টাকা দিতে হয়। এ ছাড়া সংসার চালানোর খরচও বেড়েছে। তাই বেশি ভাড়া না নিলে তাঁর পক্ষে খরচ তোলা কঠিন।

মগবাজার, বাংলামোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, পল্টন, ধানমন্ডি, তেজগাঁও, মিরপুর, টেকনিক্যাল ও শ্যামলীর মতো এলাকায় এসব ই-রিকশা চলতে দেখা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, ভাড়ার কোনো তালিকা বা মিটার না থাকায় চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া চাইছেন। অনেক ক্ষেত্রে সাধারণ রিকশা ও গণপরিবহনের তুলনায় ভাড়া বেশি পড়ছে।

স্থানীয় সরকার বিভাগ গত ২৯ অক্টোবর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা ২০২৬’ জারি করে। এতে ই-রিকশার কারিগরি ও নিরাপত্তাব্যবস্থা, ফিটনেস, ট্রাফিক বিভাগের অনুমোদন, নিবন্ধন এবং কিউআর কোডযুক্ত নম্বরপ্লেটের নিয়ম রাখা হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। তবে বিধিমালায় প্রতি কিলোমিটারের ভাড়া কিংবা চালকদের দৈনিক জমার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই।

নতুন একটি ই-রিকশা কিনতে নিবন্ধন ও প্রয়োজনীয় সরঞ্জামসহ গড়ে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে। মালিকেরা দৈনিক ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত জমা নিচ্ছেন বলে জানা গেছে। তেজগাঁওয়ের ই-রিকশার মালিক তোফাজ্জল হোসেন জানান, গাড়ি কিনতে ও নিবন্ধনসহ অন্যান্য খরচ মিলিয়ে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি প্রতিদিন ৮০০ টাকা জমা নেন। বিদ্যুৎ ও গ্যারেজের খরচ বাদ দিয়ে তাঁর হাতে থাকে প্রায় ৬০০ টাকা।

সারা দেশে চলাচল করা বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশার বড় অংশ নিবন্ধনহীন। এসব যানবাহনে ভাড়া তুলনামূলক কম হলেও নিরাপত্তাঝুঁকি রয়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় নিরাপদ ও নিয়ন্ত্রিত চলাচলের জন্য নতুন ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভাড়া নির্ধারণ ও আদায় নিয়ন্ত্রণে স্পষ্ট নির্দেশনা না থাকলে নতুন এই ব্যবস্থাতেও যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। সূত্র: bd-pratidin

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু কাল, মানতে হবে যেসব সময়সীমা

0
সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬...

রবি 5G ইন্টারনেট এখন কোন কোন এলাকায় চলছে? জেনে নিন

0
বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা ৫জি। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর দেশের প্রথম বাণিজ্যিক ৫জি সেবা চালুর ঘোষণা...

সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে

0
ঢাকার বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে...

হারানো এনআইডি ফিরে পেতে থানায় যেতে হবে না, আবেদন করবেন যেভাবে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। ব্যাংক হিসাব খোলা, মোবাইল সিম নিবন্ধন, পাসপোর্ট তৈরি, চাকরির আবেদন, সরকারি সেবা...

মাসে কত জিবি ইন্টারনেট ব্যবহার করছেন দেখবেন যেভাবে

0
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, অনলাইন ক্লাস কিংবা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে কখন যে কয়েক জিবি...