রাজধানী ঢাকায় আজ রোববার (৮ নভেম্বর) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রশিক্ষণ কর্মশালা, সংবাদ সম্মেলন, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও আলোচনা সভা। কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ‘শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে আবাসন খাতের সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
এদিকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সুইড কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের।
এ ছাড়া রাজধানীর বাইরে মুন্সিগঞ্জে বিকেল ৩টায় ছনবাড়ি-মুন্সিগঞ্জ সড়কের কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের।













