23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরানে সামরিক হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বরং তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা জরুরি হলেও হামলার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব প্রেসিডেন্টকে সমর্থন করা।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভ্যান্স। গত ফেব্রুয়ারিতে ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সেটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত।

ভ্যান্সের এই বক্তব্যে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ অস্বস্তি আবারও সামনে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে দলটির বড় পরাজয়ের পর যুদ্ধের রাজনৈতিক দায় ও এর মূল্য নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হচ্ছে।

এর আগে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তা বলেছেন।’ তিনি আরও লেখেন, যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল কি না, সেই যুক্তি তুলে ধরতে হবে।

ভ্যান্সের ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের অবস্থান থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন তিনি। ফলে ইরান যুদ্ধ নিয়ে তাঁর অবস্থান রিপাবলিকান রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ভ্যান্সের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে ভ্যান্সের বক্তব্যে একটি বিষয় অনুপস্থিত ছিল বলে মনে করেন তিনি। ট্রাম্পের মতে, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন—এ কথাও ভ্যান্সের বলা উচিত ছিল।

ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। তবে ইরানিদের সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরে তিনি দেশটির নেতৃত্বের সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ইরান যুদ্ধের কারণে কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও সামরিক অভিযানকে সার্থক মনে করেন কি না। জবাবে ভ্যান্স সরাসরি হামলার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেননি। বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তাঁর ভাষায়, ইরান সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া সবচেয়ে বড় দেশ। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। এমনকি নিরীহ মানুষের ওপর বড় ধরনের হামলার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপর ভ্যান্স বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। ট্রাম্প জানিয়েছেন, তিনি একই পরিস্থিতিতে আবারও একই সিদ্ধান্ত নিতেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা। এভাবেই ইরানে হামলার সিদ্ধান্তে নিজের ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করা এড়িয়ে যান তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের বিরোধিতা করে আসছেন। ওয়াশিংটনের হয়ে শান্তি আলোচনায় প্রধান দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত গ্রীষ্মে তাঁর মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত চিঠি পাঠিয়ে আলোচনায় ফেরার উদ্যোগও নিয়েছিলেন ভ্যান্স। কিন্তু নির্বাচনের পর যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে তাঁর মন্তব্যের কিছুদিনের মধ্যেই ট্রাম্প ওই উদ্যোগ বন্ধ করে দেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্সকে দেওয়া নির্দেশনার কথা জানিয়ে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’

এদিকে চার দিনের এশিয়া সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। ওই সফর ও বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়। তবে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ভ্যান্সের বক্তব্যে তাঁদের রাজনৈতিক অবস্থানের সূক্ষ্ম পার্থক্য নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: রয়টার্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

0
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর)...

পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়

0
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। কখনো কয়েক বস্তা, কখনো আবার কয়েক ডজন বস্তায় ভরে আসে মানুষের দান করা...

এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে মত...

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা

0
মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযান ও ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনায় খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে...

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

0
পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১ রুপি কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দাম ২ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তেল...