রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে রোহিঙ্গাদের বিজয় বলে অভিহিত করেছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির পর এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান গাম্বিয়ার বিচারমন্ত্রী। তিনি বলেন, ‘এই বিজয় রোহিঙ্গাদের। তারা টিকে থেকেছেন, সাক্ষ্য দিয়েছেন। আর আজ তাঁদের কথা বিশ্বাস করা হয়েছে।’
রোহিঙ্গাদের দীর্ঘ সংগ্রাম ও আদালতে সাক্ষ্য দেওয়ার সাহসিকতার কথা তুলে ধরে দাউদা জালো বলেন, নিপীড়নের মধ্যেও তাঁরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আদালতের এই সিদ্ধান্ত তাঁদের ন্যায়বিচারের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, যৌন সহিংসতা ও অন্যান্য নির্যাতনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের আওতায় করা মামলাটিতে গাম্বিয়াকে সমর্থন দেয় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। পরে আরও কয়েকটি দেশ মামলায় হস্তক্ষেপ করে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার আইসিজে রায় ঘোষণা করে। আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। এর মাধ্যমে দেশটি গণহত্যা সনদের অধীনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার এটিই প্রথম ঘটনা।
রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে প্রয়োজনীয় আইন প্রণয়ন, অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর তদন্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন না করার নিশ্চয়তা দিতেও বলা হয়েছে।
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন, হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফেরত কিংবা প্রতিস্থাপন এবং শারীরিক ও মানসিক পুনর্বাসনের মতো পদক্ষেপ নিতে হবে মিয়ানমারকে। ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ ও পরিশোধের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপ ও ক্ষতিপূরণের প্রস্তাব জানিয়ে আদালতে প্রতিবেদন দিতে হবে মিয়ানমারকে।
গাম্বিয়া সরকারও এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা হিসেবে স্বাগত জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট আদামা ব্যারো রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রায়টি চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। মিয়ানমারকে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছে গাম্বিয়া।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তাঁদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা চললেও এখনো টেকসই সমাধান হয়নি।
আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন, ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরানোর বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ। গাম্বিয়ার বিচারমন্ত্রীর ভাষায়, এই বিজয় রোহিঙ্গাদের—তবে সেই বিজয়ের পূর্ণতা নির্ভর করছে রায়ের কার্যকর বাস্তবায়নের ওপর।













