20 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

এল নিনোর প্রভাবে পেরু-ইকুয়েডরে ভয়াবহ বন্যা ও ভূমিধস

শক্তিশালী এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সড়ক ও বাড়িঘর। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারের পাশাপাশি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।

শনিবার (২৮ নভেম্বর) কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে উত্তর পেরু পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে দুর্যোগের তীব্রতা বেড়েছে।

প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এল নিনো নামের জলবায়ুগত পরিস্থিতি তৈরি হয়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, তাপমাত্রা ও ঝড়ের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে। এবার এর প্রভাবে দক্ষিণ আমেরিকার সাধারণত শুষ্ক উপকূলীয় অঞ্চলগুলোতেও কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

ইকুয়েডরের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্টের শেষ দিক থেকে বৃষ্টি ও সংশ্লিষ্ট দুর্যোগে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) ভূমিধসে বাড়িচাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুজন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসমেরালদাস প্রদেশে দুটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও দমকল বাহিনী।

বন্যা ও ভূমিধসে ইকুয়েডরের ৫০টির বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানী কুইটোর সঙ্গে উপকূলীয় অঞ্চলের যোগাযোগের প্রধান মহাসড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্যোগের প্রভাব পড়েছে রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনেও। এল নিনোর তীব্রতার কারণে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার ভারী বৃষ্টির কারণে পাঁচটি প্রদেশে ভোটকেন্দ্র পরিবর্তন করেছে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। আরও কয়েক ডজন ভোটকেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

প্রতিবেশী দেশ পেরুতেও পরিস্থিতির অবনতি হয়েছে। তুম্বেস নদীর পানি উপচে প্লাবিত হয়েছে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক প্যান-আমেরিকান মহাসড়কের একাংশ। বন্যার পানিতে আটকে পড়া সাত পশুপালককে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া উপকূলীয় পর্যটন শহরগুলোর বিভিন্ন হোটেলে আঘাত হেনেছে সমুদ্রের উত্তাল ঢেউ।

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিউরা শহরে মাত্র ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক কোমরসমান পানিতে তলিয়ে যায়।

পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি জানিয়েছেন, প্লাবিত বাড়িঘর থেকে প্রায় ৪০০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত ১২ জন তখনো পানিবন্দি ছিলেন। দেশটি এবার বড় ধরনের এল নিনোর মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনের সহায়তা সমন্বয়ে তাঁর সরকার কাজ করছে বলে জানান তিনি।

রাজধানী লিমাতেও দেখা দিয়েছে অস্বাভাবিক আবহাওয়া। সাধারণত শুষ্ক এই শহরের কোথাও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবার কোনো কোনো এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ ডিগ্রি বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এল নিনোর প্রভাবে পেরুর অর্থনীতিতেও চাপ বাড়ছে। কৃষিপণ্যের উৎপাদন ও মাছ আহরণ কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত অক্টোবরে রাজধানী লিমায় বার্ষিক মূল্যস্ফীতি ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

পেরুর কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, এল নিনোর প্রভাবে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশীয় পয়েন্ট কমতে পারে। ২০২৭ সালে এই প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগের কথা জানিয়ে লিমার উপকণ্ঠে বসবাসকারী পাঁচ সন্তানের মা এলিজাবেথ এসপিনোজা বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সবকিছুর দাম এত বেড়েছে যে হাতে থাকা টাকায় আর কিছুই হয় না।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বেলুচিস্তানে হামলায় নিহত ১১ খনিশ্রমিক

0
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১১ খনিশ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে চালানো এ হামলার ঘটনায় এখনো কোনো...

ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, শেষ পর্যন্ত বিচ্ছেদ

0
বিপদের মুহূর্তে স্ত্রীকে পাশে না রেখে নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। একটি রেস্তোরাঁয় ভূমিকম্পের সময় ঘটে যাওয়া এমন ঘটনায় স্বামীর প্রতি আস্থা হারান...

চাকরির আনন্দে মন্দিরযাত্রা, দুর্ঘটনায় নিহত ১৩

0
নতুন সরকারি চাকরি পাওয়ার আনন্দ উদযাপন ও পূজা দিতে মন্দিরে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের...

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক স্থাপনে বিটিআরসির অনুমতি চাইল মেটা

0
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। স্থানীয় অংশীদারদের...

সরকারি ফ্ল্যাটের আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র, মানতে হবে যে নিয়ম

0
নিজের একটি ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করতে সরকারি আবাসন প্রকল্পের দিকে আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে রাজধানীতে ফ্ল্যাটের দাম বেশি হওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ)...