22 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

কেনাকাটায় নতুন সুবিধা আনল ওপেনএআই, চালু করল চ্যাটজিপিটি ওয়ালেট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার অর্থ পরিশোধ পর্যন্ত বিভিন্ন কাজে সহায়তা করবে চ্যাটজিপিটির এআই এজেন্ট। তবে প্রতিটি কেনাকাটার চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকে।

শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য এটি চালু করা হয়েছে। সুবিধাটি ব্যবহারের জন্য গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি থাকতে হবে যোগ্য যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং যুক্তরাষ্ট্রের বিলিং ঠিকানা।

নতুন এ ব্যবস্থায় চ্যাটজিপিটির ‘ডটস’ এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য খুঁজে দিতে, বিভিন্ন পণ্যের তুলনা করতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর কেনাকাটার পরবর্তী ধাপগুলোও ব্যবহারকারীর হয়ে সম্পন্ন করতে পারবে এজেন্ট।

তবে অর্থ পরিশোধের আগে ব্যবহারকারী পণ্যের বিবরণ, বিক্রেতার নাম, মোট মূল্য এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করতে পারবেন। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে হবে। প্রতিটি অনুমোদিত লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।

যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট

এ সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দিতে হবে না।

লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে চ্যাটজিপিটি ওয়ালেট পেমেন্ট টোকেন ব্যবহার করবে। এটি ব্যবহারকারীর প্রকৃত কার্ডের তথ্যের পরিবর্তে কাজ করবে। ফলে এআই এজেন্ট বা বিক্রেতার কাছে কার্ডের আসল নম্বর, নিরাপত্তা কোড ও মেয়াদসংক্রান্ত তথ্য প্রকাশ পাবে না। তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতার কাছে পাঠানো হবে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করলেও গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কার্ডের মাধ্যমে কেনাকাটায় পাওয়া রিওয়ার্ড এবং যোগ্য লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে।

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এ সুবিধা চালু করে প্রযুক্তিটির কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করতে চায় প্রতিষ্ঠানটি। বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর ধীরে ধীরে আরও বেশি ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে কেনাকাটায় ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও বাড়াতে ব্যয়ের সীমা নির্ধারণ, নির্দিষ্ট ধরনের পণ্য কেনার অনুমতি এবং কেনাকাটার সময়সীমা ঠিক করে দেওয়ার মতো সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এসব শর্ত আগে থেকে নির্ধারণ করে দিলে ভবিষ্যতে ব্যবহারকারীর অনুমোদিত সীমার মধ্যে আরও স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট।

তবে এআইনির্ভর কেনাকাটার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনলাইন বিক্রেতাদের সব ওয়েবসাইট এখনো এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটা সমর্থন করে না। কিছু প্রতিষ্ঠান নিরাপত্তা ও ব্যবসায়িক নীতির কারণে এআই এজেন্টের প্রবেশ বা কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও তৃতীয় পক্ষের এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে গ্রাহকদের কেনাকাটায় উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।

এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য পণ্যের তথ্য সহজলভ্য করা, ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ নিশ্চিত করা এবং পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রযুক্তিগত টুল যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত কাজ সহজ করতে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানের সেবায় এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো তুলনামূলক কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এআইনির্ভর বাণিজ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চ্যাটজিপিটি ওয়ালেট চালু করেছে ওপেনএআই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

0
২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে...

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

0
যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। তাঁর মতে, আন্তর্জাতিক আইন...

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

0
সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লাহিজে সেনাসমাবেশ...

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

0
সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লাহিজে সেনাসমাবেশ...

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

0
মাত্র ২০ থেকে ২২ বছর বয়সেই শতকোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন বিশ্বের একদল তরুণ। কেউ পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান...