25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের

জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঋণ-ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তাসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান খুবই সামান্য। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

দেশের শিল্প খাতের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও রয়েছে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এসব কার্যক্রমের উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে তারেক রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে এতে বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রথম প্রস্তাবে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দের কথা বলেন। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দেওয়ার আহ্বান জানান।

দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর কথা বলেন তিনি। তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে সহায়তা দেওয়ার আহ্বান জানান।

চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। পঞ্চম প্রস্তাবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তাঁর মতে, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

ভাষণের শেষাংশে একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসা প্রয়োজন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে। প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া, বৈশ্বিক সংহতি জোরদার করা এবং সম্মিলিতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নতুন গাড়ি নাকি রিকন্ডিশন্ড গাড়ি কোনটি কেনা বেশি লাভজনক?

0
গাড়ি কেনার পরিকল্পনা করলে অনেকের মনেই প্রশ্ন আসে—নতুন গাড়ি কেনা ভালো, নাকি রিকন্ডিশন্ড গাড়ি? বাংলাদেশের বাজারে দুই ধরনের গাড়িরই চাহিদা রয়েছে। নতুন গাড়িতে পাওয়া...

সাফ ফাইনালের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, খেলা রাত সাড়ে ৮টায়

0
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা পেরিয়ে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আজ শনিবার...

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিয়ে বিতর্কে শাকিব খান

0
পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এমনকি পাকিস্তানি কোনো অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও...

Xiaomi 18: ১০০ ওয়াট চার্জিংসহ আসছে নতুন ফ্ল্যাগশিপ?

0
শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 18 বাজারে আসার আগেই আলোচনায় উঠে এসেছে। ফোনটির সম্ভাব্য মডেল নম্বর M261DB চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়...

একসময় বিশ্বের শীর্ষ ধনী, এখন বিল গেটসের অবস্থান কত?

0
একসময় দীর্ঘদিন বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এখন সেই অবস্থানে নেই। ফোর্বসের ২০২৬ সালের ১৪ নভেম্বরের হালনাগাদ ধনকুবের তালিকা অনুযায়ী,...