ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডি করার সুযোগ পাবেন। চীনা ভাষার ওপর যৌথ ডক্টরাল প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির পক্ষে কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ঝৌ জুয়ু এতে স্বাক্ষর করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।
এই সহযোগিতার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তবে এই প্রোগ্রামে আবেদনের যোগ্যতা, শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া, আসনসংখ্যা এবং ভর্তি কার্যক্রম শুরুর সময় সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।













