বিশ্বজুড়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ ৯ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব এতিম শিশু দিবস। প্রতিবছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।
দিবসটির মূল উদ্দেশ্য এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। এ ক্ষেত্রে শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের পাশাপাশি পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতেও বিভিন্ন উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে কারিগরি শিক্ষা, ভাষাগত দক্ষতা এবং সময়োপযোগী প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি অনাথ ও এতিম শিশুদের জন্য কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
এদিকে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য এ অর্থ মঞ্জুর করা হয়।
বিশ্ব এতিম শিশু দিবস উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।













