মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে পাঁচটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, উপাদান, রং ও নকশা অনুসরণ করে নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে। এ জন্য মোটরসাইকেলের মালিকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান বাস্তবায়নে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিআরটিএর নির্ধারিত পাঁচটি শর্ত হলো—
১. নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। অন্য কোনো উপাদান ব্যবহারের সুযোগ রাখা হয়নি।
২. রং ও বর্ণ: নম্বরপ্লেটের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৩. নকশা ও সাজসজ্জা: নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা, ছবি, শোভাবর্ধক উপাদান বা সাজসজ্জা ব্যবহার করা যাবে না। নির্ধারিত নিয়মে স্পষ্টভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করতে হবে।
৪. স্কুটারের নম্বরপ্লেটের মাপ: স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
৫. অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ: স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর একটি সরল রেখায় লিখতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।
বিআরটিএর নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এর আগে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। পরে মালিকদের সুবিধা ও বাস্তবায়নের বিষয় বিবেচনায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।













