29 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ

লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি জাহাজসহ দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি। হামলার পর জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বন্দরনগরী বেনগাজির উপকূলে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার দুটি জাহাজের একটি রাশিয়ার এবং অন্যটি মাল্টার পতাকাবাহী।

লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জাতিসংঘ মিশন বলেছে, লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই। দেশটিকে কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ এবং মাল্টার পতাকাবাহী আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর দুই জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

লিবিয়ার আল-হাদাথ টেলিভিশন জানিয়েছে, বেনগাজির উপকূলে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলো বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে। তবে রোববারের হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। তারা বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।

এর আগে শনিবার বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ওই হামলা ইউক্রেন চালিয়েছে।

লিবিয়ার উপকূলে হামলার বিষয়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।

এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি জাহাজ ডুবে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, হামলার কারণে জাহাজটি ডুবেছে। এ ঘটনার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।

জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ ছিল। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহনে এ বহরের ট্যাংকারগুলো ব্যবহৃত হয়। ইউক্রেন বিভিন্ন সময়ে রাশিয়ার এই গোপন নৌবহরের জাহাজে হামলার কথা স্বীকার করেছে। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের হামলা চালানোর কথা জানিয়েছিল কিয়েভ।

লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, দেশটিকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক বা রসদ সরবরাহসংক্রান্ত কর্মকাণ্ডে লিবিয়ার ভূখণ্ড ব্যবহারের বিরোধিতা করে তারা।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। বর্তমানে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থনপুষ্ট পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

এদিকে, রোববার দিনের শুরুতে আল-মাসার টেলিভিশন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি সামরিক স্থাপনায় উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়েছে। পরে আল-হাদাথ টেলিভিশন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সূত্রঃ বিএসএস নিউজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাংলাদেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মোবাইল সিম নিবন্ধন, পাসপোর্ট তৈরি, চাকরির আবেদন, জমি কেনাবেচা এবং বিভিন্ন...

কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

0
ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আংশিক ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে...

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

0
মাদ্রাসার দাখিল, আলিম, জেডিসি ও ইবতেদায়ি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ ও ভুল সংশোধনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক...

দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি

0
দেশে এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণের বেশি বেড়েছে।...

দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

0
বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্রেডিট কার্ড ব্যবহার দিন দিন বাড়ছে। অনলাইন কেনাকাটা, দোকানে পেমেন্ট, বিদেশে লেনদেন, কিস্তিতে পণ্য কেনা এবং জরুরি প্রয়োজনে অর্থ ব্যবহারের সুবিধার...