23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনিই।

ব্যারিস্টার ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা নানা ধরনের প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা যাচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।

গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে রিটে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিক্ষার বাজেট কি বেকার তৈরির জন্য, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

0
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া বাজেটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার...

বাংলাদেশে ইন্টারনেটের দাম ও গতি নির্ধারণ হয় যেভাবে

0
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেরই একটি সাধারণ অভিজ্ঞতা রয়েছে—একই দামে একেক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ভিন্ন গতির প্যাকেজ দিচ্ছে। কোনো প্রতিষ্ঠান ১০০ এমবিপিএস ইন্টারনেটের জন্য এক...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

0
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের...

সিম অপারেটর পরিবর্তন করেও কি পুরোনো মোবাইল নম্বর রাখা যায়?

0
মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেকেই নেটওয়ার্কের দুর্বলতা, ইন্টারনেটের ধীরগতি কিংবা পছন্দের অফার না পাওয়ায় অপারেটর পরিবর্তন করতে চান। কিন্তু দীর্ঘদিনের পরিচিত মোবাইল নম্বরটি পরিবর্তন করতে...

সাবমেরিন ক্যাবল কী এবং বাংলাদেশের ইন্টারনেটের সঙ্গে এর সম্পর্ক

0
বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন গেম, ভিডিও কল ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করছেন। কিন্তু দেশের মানুষ...