20.9 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের জনপ্রিয় এসইউভি সিআর-ভির পরবর্তী প্রজন্মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন প্রজন্মের এই গাড়িতে আর পেট্রল ইঞ্জিনের আলাদা সংস্করণ থাকছে না। বরং সব মডেলেই ব্যবহার করা হবে হাইব্রিড পাওয়ারট্রেন। নতুন প্রযুক্তি, পরিবর্তিত নকশা ও সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম নিয়ে ২০২৮ মডেল হিসেবে গাড়িটি বাজারে আসবে।

হোন্ডার ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালে সিআর-ভি মডেলের ৩০ বছর পূর্তি উপলক্ষে সপ্তম প্রজন্মের গাড়িটি উত্তর আমেরিকার বাজারে উন্মোচন করা হবে। ২০২৭ সালে বাজারে আসার পর এটি ২০২৮ মডেল ইয়ার হিসেবে পরিচিত হবে। নতুন মডেলটিতে থাকবে হোন্ডার পঞ্চম প্রজন্মের দুই মোটরের হাইব্রিড প্রযুক্তি। এর মাধ্যমে গাড়িটির শক্তি ও জ্বালানি দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন সিআর-ভির সবচেয়ে বড় পরিবর্তন হলো পাওয়ারট্রেন। বর্তমানে গাড়িটির পেট্রল ও হাইব্রিড—দুই ধরনের সংস্করণ রয়েছে। কিন্তু পরবর্তী প্রজন্মে শুধু হাইব্রিড সংস্করণ পাওয়া যাবে। তবে এর অর্থ এই নয় যে গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক হবে। নতুন হাইব্রিড ব্যবস্থায় বৈদ্যুতিক মোটরের পাশাপাশি পেট্রলচালিত ইঞ্জিনও থাকবে। ফলে প্রয়োজন অনুযায়ী ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর একসঙ্গে বা আলাদাভাবে গাড়ি চালাতে সহায়তা করবে।

হোন্ডার নতুন দুই মোটরের হাইব্রিড সিস্টেমে আগের প্রযুক্তির তুলনায় বেশ কিছু উন্নয়ন আনা হয়েছে। ইঞ্জিনকে আরও কার্যকর দক্ষতার পরিসরে পরিচালনা করা এবং হাইব্রিড ইউনিটের বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বৈদ্যুতিক অল-হুইল ড্রাইভ প্রযুক্তি যুক্ত করা হবে। এর ফলে পেছনের চাকায় শক্তি সরবরাহ ও গাড়ির নিয়ন্ত্রণ আরও দ্রুত এবং নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

পাওয়ারট্রেনের পাশাপাশি নতুন প্ল্যাটফর্মও তৈরি করছে হোন্ডা। প্রতিষ্ঠানটির দাবি, নতুন কাঠামোতে গাড়ির বডির দৃঢ়তা ও হালকা ওজনের মধ্যে ভারসাম্য রাখা হবে। মডুলার নকশার কারণে বিভিন্ন গাড়িতে একই ধরনের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগও বাড়বে। এতে উৎপাদন প্রক্রিয়া আরও কার্যকর করার পাশাপাশি গাড়ির চালনার স্থিতিশীলতা ও নিরাপত্তা উন্নত করার লক্ষ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে সিআর-ভি হোন্ডার অন্যতম জনপ্রিয় এসইউভি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেখানে টানা তৃতীয় বছরের মতো মডেলটির বার্ষিক বিক্রি চার লাখ ইউনিট ছাড়ানোর পথে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত সিআর-ভির মোট বিক্রি ৭৫ লাখ ইউনিট ছাড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সিআর-ভির অর্ধেকেরও বেশি হাইব্রিড সংস্করণ। ফলে নতুন প্রজন্মে শুধু হাইব্রিড প্রযুক্তির ওপর নির্ভর করার সিদ্ধান্তকে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, হোন্ডা শুধু সিআর-ভি নয়, উত্তর আমেরিকার বাজারে ২০৩০ সালের মধ্যে আরও কয়েকটি নতুন হাইব্রিড মডেল আনার পরিকল্পনা করছে। সপ্তম প্রজন্মের সিআর-ভি হবে এই পরিকল্পনার প্রথম দিকের গুরুত্বপূর্ণ মডেলগুলোর একটি।

তবে নতুন গাড়িটির সম্পূর্ণ নকশা, দাম, ইঞ্জিনের চূড়ান্ত ক্ষমতা ও বিস্তারিত ফিচার এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক ঘোষণায় পাওয়ারট্রেন ও প্ল্যাটফর্মের পরিবর্তনের বিষয়গুলো সামনে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন মডেল বাজারে আসার পর জ্বালানি দক্ষতা, চালনার অভিজ্ঞতা ও ক্রেতাদের সাড়া কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হলো রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট

0
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলার পুলিশ...

হেলাল খানের আচরণে ক্ষুব্ধ জয় চৌধুরী

0
চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বলেছেন, বহিরাগত লোকজন নিয়ে এসে শিল্পীদের...

মোটরসাইকেলের সার্ভিসিং কতদিন পরপর করা উচিত?

0
মোটরসাইকেল দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত সার্ভিসিংয়ের বিকল্প নেই। কিন্তু অনেক বাইকচালকই জানেন না, কতদিন পরপর সার্ভিসিং করানো উচিত। কেউ নির্দিষ্ট সময় পর সার্ভিসিং করান,...

এনভিডিয়া বিতর্কে চীনের চিপ রপ্তানিতে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

0
চীনের কথিত গুপ্তচরবৃত্তির সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে...

১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

0
আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন নির্ধারিত নিম্নতম মজুরি কার্যকর হবে বলে জানিয়েছেন পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, মজুরি ঘোষণার...