24 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। তবে গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জে পরীক্ষা আয়োজনের বিষয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, জানি না কতজন পাস করবে। তার মধ্যে আবার সমস্যা রয়েছে। গোপালগঞ্জ জেলায় পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিনাতিপাত পার করছি। তারপরও পরীক্ষা নিচ্ছি আমরা।’

শিক্ষামন্ত্রী জানান, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যেন বছরের পর বছর অপেক্ষায় না থাকে, সে জন্য রেফার্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই না, রেফার্ড নিয়ে বা একটি-দুটি বিষয়ে ফেল করার কারণে তারা বছর পর বছর বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক। আমরা এটা চাই না। তাই এই শিক্ষাব্যবস্থায় আমরা রেফার্ড পরীক্ষা নিয়ে নিয়েছি।’

তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের ফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে প্রয়োজনীয় পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও নতুন বিষয় চালু করা হয়েছে। কোথাও শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়েও এমন পরিস্থিতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের দায়িত্ব ও পরীক্ষার খাতা মূল্যায়নের মান নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলেও পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীর সংখ্যা কম হলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হোক, সরকার তা চায় না। শিক্ষকদের যৌক্তিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়েও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

শিক্ষকদের রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। তবে ক্লাস বাদ দিয়ে দাবি আদায়ে রাজপথে না আসার অনুরোধ জানান তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বেলুচিস্তানে হামলায় নিহত ১১ খনিশ্রমিক

0
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১১ খনিশ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে চালানো এ হামলার ঘটনায় এখনো কোনো...

ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, শেষ পর্যন্ত বিচ্ছেদ

0
বিপদের মুহূর্তে স্ত্রীকে পাশে না রেখে নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। একটি রেস্তোরাঁয় ভূমিকম্পের সময় ঘটে যাওয়া এমন ঘটনায় স্বামীর প্রতি আস্থা হারান...

চাকরির আনন্দে মন্দিরযাত্রা, দুর্ঘটনায় নিহত ১৩

0
নতুন সরকারি চাকরি পাওয়ার আনন্দ উদযাপন ও পূজা দিতে মন্দিরে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের...

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক স্থাপনে বিটিআরসির অনুমতি চাইল মেটা

0
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। স্থানীয় অংশীদারদের...

সরকারি ফ্ল্যাটের আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র, মানতে হবে যে নিয়ম

0
নিজের একটি ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করতে সরকারি আবাসন প্রকল্পের দিকে আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে রাজধানীতে ফ্ল্যাটের দাম বেশি হওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ)...