27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লিং স্বেন্দসেনের ভারতীয় ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। হায়দরাবাদে ‘ভারত সামিট’ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে অসলোর ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করে ভ্রমণ না করার কথা জানানো হয়। সাংবাদিকের দাবি, বৈধ ভিসা ও প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র থাকার পরও শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তেলেঙ্গানা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ভারত সামিটে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’ বিষয়ে একটি প্যানেলে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেল লিং। সম্মেলনে অংশ নিতে তাঁর বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসা ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্রও পেয়েছিলেন তিনি।

অসলোর বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতির সময় ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে বলে জানান এই সাংবাদিক। তাঁকে বলা হয়, ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি ভারতে যেতে পারবেন না। পরে ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসে সশরীরে উপস্থিত হওয়ার কথাও বলা হয়।

দ্য ওয়্যারকে দেওয়া বক্তব্যে হেল লিং এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেন। তাঁর প্রশ্ন, কয়েক দিনের একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও এ বিষয়ে জানতে চেয়েছে দ্য ওয়্যার।

ভিসা বাতিলের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন হেল লিং। তাঁর ধারণা, চলতি বছরের মে মাসে নরওয়ের রাজধানী অসলোর একটি যৌথ সংবাদ ব্রিফিংয়ে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।

ওই সময় নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ বক্তব্য দেওয়ার পর মোদি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন সাংবাদিক হেল লিং তাঁকে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে তিনি কেন কোনো প্রশ্ন নিচ্ছেন না। তবে মোদি ওই প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান।

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গেও সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে প্রশ্নোত্তর হয় হেল লিংয়ের। ভারত সরকারের সমালোচনা করে নরওয়ের সংবাদমাধ্যমে মতামতধর্মী লেখাও প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া ভারতের দুই শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়েও প্রশ্ন তোলার কথা উল্লেখ করেছেন এই সাংবাদিক।

হেল লিংয়ের দাবি, এসব সমালোচনা ও প্রশ্নের কারণে তাঁর ভিসা বাতিল হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। ভারত সরকারও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অসলোভিত্তিক সংবাদপত্র ড্যাগসাভিসেনে কাজ করেন হেল লিং। ভারত সফরটি হওয়ার কথা ছিল তাঁর প্রথম সফর। ভিসা বাতিলের খবর প্রকাশ্যে আসার পর সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকেও তাঁর অংশ নিতে না পারার বিষয়টি জানানো হয়েছে।

সূত্র: দ্য ওয়্যার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে?

0
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হতে যাচ্ছে। চলতি আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সুবিধা...

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

0
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪...

শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

0
শীত এলেই অনেকের ত্বকে দেখা দেয় শুষ্কতা, চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব। কারও কারও ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে ফেটে যাওয়ার পাশাপাশি...

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা

0
সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এতে বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট নাগরিকেরা। কবে নাগাদ এ সমস্যার...

পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা?

0
গাড়ির বাজারে টয়োটার জনপ্রিয়তা দীর্ঘদিনের। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে বড় পরিবারের যাতায়াত—বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনায় রেখে একাধিক মডেল বিক্রি করছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানটি।...