32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আগামী জুলাই থেকে চালু হচ্ছে নতুন লেনদেনব্যবস্থা, যেসব সুবিধা পাবেন গ্রাহকেরা

ব্যাংক, বিকাশ-নগদসহ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টাকা লেনদেন আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের এ প্ল্যাটফর্ম আগামী জুলাইয়ে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু হলে এক প্রতিষ্ঠানে থাকা ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে সরাসরি অর্থ পাঠানো যাবে।

বর্তমানে এক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন নেটওয়ার্ক ও সেবার ওপর নির্ভর করতে হয়। নতুন ব্যবস্থায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকেরা নিজ নিজ ব্যাংক বা মোবাইল আর্থিক সেবাদাতার নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গেও সরাসরি লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বাসসকে বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় নিয়ে আসাই আইআইপিএসের মূল উদ্দেশ্য। এ ব্যবস্থা চালু হলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এতে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার জন্য এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত কাঠামো, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

আইআইপিএস চালু হলে গ্রাহকদের জন্য কয়েক ধরনের সুবিধা তৈরি হতে পারে। প্রথমত, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা ব্যাংক হিসাব থেকে মোবাইল ওয়ালেটে অর্থ পাঠানোর ক্ষেত্রে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তৃতীয়ত, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধ সহজ হবে। পাশাপাশি সরকারি বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থও এ ধরনের ব্যবস্থায় বিতরণের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের অবকাঠামো হিসেবে ২০১২ সাল থেকে কাজ করছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা যায়। তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনাও ছিল।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওই ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এ অভিজ্ঞতার পর সব আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

নতুন প্ল্যাটফর্মের সম্ভাব্য ব্যবহার দেশের অভ্যন্তরীণ লেনদেনের বাইরেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণে আইআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হতে পারে। এতে অর্থ গ্রহণের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি লেনদেনের খরচও কমার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) একটি গবেষণা উদ্যোগ শুরু করে। ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক ওই গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

তবে আন্তর্জাতিক রেমিট্যান্স লেনদেনে আইআইপিএস ব্যবহার করতে হলে অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ, আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং অর্থ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফলে এ সুবিধা চালুর বিষয়টি নির্ভর করবে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির ওপর।

ডিজিটাল লেনদেন বাড়লে সরকারেরও কিছু ব্যয় কমতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের মতে, নগদ অর্থের ব্যবহার কমলে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে। অন্যদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি হিসাব সংরক্ষণে স্বচ্ছতা ও দ্রুত লেনদেনের সুবিধা পেতে পারে।

তবে নতুন ব্যবস্থার সুফল পেতে হলে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রযুক্তির নির্ভরযোগ্যতা, লেনদেনের নিরাপত্তা, সাশ্রয়ী মাশুল এবং গ্রাহকদের আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে আইআইপিএস চালু করা গেলে দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থায় নতুন একটি সমন্বিত অবকাঠামো যুক্ত হবে। সূত্র: বাসস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা ও আইসিটি প্রশিক্ষণ চালুর উদ্যোগ

0
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়...

পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি

0
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নিজে কোনো আবেদন করেননি। তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে...

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

0
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত...

নতুন দায়িত্বে পাঁচ এমপি

0
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তাঁদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের...

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

0
গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা এখন থেকে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন। আগে পাঁচ বছর পরপর বাইসাইকেল পাওয়ার নিয়ম থাকলেও নতুন...