26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন নুরিন খান ও উজমা খান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপাত কারাগার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।

ইমরান খানের আইনজীবী এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দুই বোনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইনজীবী রানা মুদাসসার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নুরিন ও উজমা কারাগার থেকে বের হন। তাঁদের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ সরকার প্রত্যাহার করায় মুক্তির পথ তৈরি হয়।

এক বিবৃতিতে পিটিআই বলেছে, দুই বোনের মুক্তি স্বস্তির বিষয় হলেও এর মধ্য দিয়ে ইমরান খানের পরিবারের ওপর চলমান হয়রানির অবসান হয়নি। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে আর কোনো হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

গত সেপ্টেম্বরে পিটিআইয়ের ডাকা বিক্ষোভের পর আলিমা, উজমা ও নুরিন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকার ওই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে। পরে তিন বোনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ জারি করা হয়।

আইনজীবী মুদাসসার জানান, নুরিন ও উজমার যৌথ আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল। তবে শুনানির তারিখ নির্ধারণের আগেই কর্তৃপক্ষ সেই আদেশ প্রত্যাহার করে নেয়। আলিমা খানের পৃথক আটকাদেশ বাতিলের জন্যও আইনি চেষ্টা চলছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। সরকারবিরোধী সহিংসতার পর থেকে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৭৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ও তাঁর আইনজীবীরা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে দুর্বল করা এবং জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।

এদিকে, ইমরান খানের কারাবন্দি থাকা নিয়ে গত অক্টোবর থেকে পাকিস্তানে অসন্তোষ বেড়েছে। বিশেষ করে তাঁর চিকিৎসা এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার জন্য ইমরান খানকে সাময়িকভাবে কারাগারের বাইরে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

0
দক্ষিণ আমেরিকার ফুটবলে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। আগামীকাল ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত লা...

১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

0
প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় কৃষক,...

আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

0
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। এ...

নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

0
নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ঘটনায় তাদের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট...

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

0
সামরিক বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...