27.4 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ-অবরোধ, পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুর

গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলার টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়।

এরপর মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পথে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে সকাল সাতটার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় উপজেলার পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির নতুন ব্যবস্থা, ভল্টে ঢুকতে লাগবে ফেসলক

0
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন তৈরি, মুদ্রণ ও...

সুজুকি অ্যাক্সেস ১২৫ নাকি টিভিএস জুপিটার ১২৫, পরিবারের জন্য কোন স্কুটার ভালো?

0
পরিবারের দৈনন্দিন যাতায়াতের জন্য নতুন স্কুটার কিনতে গেলে ১২৫ সিসির সেগমেন্টে সুজুকি অ্যাক্সেস ১২৫ ও টিভিএস জুপিটার ১২৫—দুটি মডেলই বিবেচনায় রাখতে পারেন। ভারতের বাজারে...

ভাইরাল ভিডিওতে দেখা যাওয়ার পর সুনামগঞ্জে আ. লীগ নেতা তারা মিয়া আটক

0
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত গোপন সভার ভিডিওতে সম্পৃক্ততা পাওয়ায়...

ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এআইটি

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী...

শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশের বর্তমান নাম্বার নাইন!

0
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এসেছে বিশ্বনাথ ঘোষের ইনজুরি। চোটের কারণে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের...