ঠাকুরগাঁও শহরের সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)। গাছ চুরি এবং ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঠেকাতে সংগঠনটির উদ্যোগে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে লাগানো গাছগুলো নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। গাছে পানি দেওয়া, সার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধে স্প্রে করার পাশাপাশি গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে সম্প্রতি কিছু গাছ চুরি এবং গাছের ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাছগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে গাছের ক্ষতি ও চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় সংগঠনটি।
গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, এসপিডিএসের উদ্যোগগুলো তাঁদের ভালো লাগে। সংগঠনটি শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেনি, নিয়মিত পরিচর্যা, সার প্রয়োগ ও স্প্রে করছে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।
একই গ্রামের বাসিন্দা আসুরা বেগম বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। এসপিডিএসের উদ্যোগে এলাকার পরিবেশ আরও সুন্দর হচ্ছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গাছের ক্ষতি না করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গাছ লাগানো নয়, সেগুলোকে বড় করে তোলা এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাই তাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সফল করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।












