27.4 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার নোবিপ্রবির গবেষক দলের

ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ হওয়া রোগের জন্য দায়ী সম্পূর্ণ নতুন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের একদল গবেষক। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে দেশের নামানুসারে—Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)।

বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর স্বনামধন্য জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ গবেষণাটি সম্প্রতি গৃহীত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই আবিষ্কার বাংলাদেশের কৃষিখাতে উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বাস গবেষকদের। একই সঙ্গে এই রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে আরেকটি গবেষণাপত্রও একই জার্নালে প্রকাশিত হয়েছে।

যেভাবে শুরু এই গবেষণার: এই সাফল্যের পেছনের গল্পটি শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে সম্মান শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন একই বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। রাজশাহী জেলার তানোর উপজেলার কৃষকদের একটি সমস্যা হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে তাঁর নজরে আসে।

কৃষকদের পোস্ট করা ছবিতে দেখা যায়, ধানের প্যানিকল বা ছড়া এবং এর ভেতরের ধানগুলো ক্রমশ কালো হয়ে যাচ্ছে। ধানের খোসা ও শস্যের মান নষ্ট হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন প্রান্তিক কৃষকেরা। ‘গ্রেইন ডিসকালারেশন’ বা প্যানিকল ব্লাইটের মতো সমস্যার বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করার তাগিদ অনুভব করেন নোবিপ্রবির শিক্ষার্থী অর্ণব গোস্বামী।

পরবর্তীতে অধ্যাপক ড. রুবেলের পরামর্শে উত্তরবঙ্গ ও রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার ধানখেত থেকে ‘গ্রেইন ডিসকালারেশন’ রোগে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে নিজের থিসিসের কাজ শুরু করেন অর্ণব। এ কাজে যুক্ত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।

প্রাথমিক ফলাফলে যা দেখা গেল: প্রাথমিকভাবে গবেষক দলটি ভেবেছিল, রোগটি পরিচিত Burkholderia গণের ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। সংগৃহীত নমুনা থেকে সফলভাবে ব্যাকটেরিয়া পৃথকীকরণ করে সাতটি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। আইসোলেশন ও ক্যারেক্টারাইজেশনের পর দেখা যায়, এটি প্রচলিত কোনো ব্যাকটেরিয়া নয়; এর জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন।

প্যাথোজেনিসিটি পরীক্ষা সম্পন্ন করার পর এমন দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়, যা হুবহু মাঠের আক্রান্ত নমুনার মতো রোগ সৃষ্টি করতে সক্ষম। পরবর্তীতে এই দুটি ব্যাকটেরিয়ার আংশিক জিনোম সিকোয়েন্সিং করে গবেষকেরা দেখেন, এটি Burkholderia নয়; বরং অত্যন্ত সুযোগসন্ধানী Pantoea গণের একটি ব্যাকটেরিয়া। এই পুরো কার্যক্রমে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।

গবেষণায় নতুন মোড়: অনার্স শেষ হওয়ার পরও অর্ণবের কৌতূহল থামেনি। অধ্যাপক ড. রুবেলের উৎসাহে গবেষণাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ পর্যায়ে গবেষক দলে যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান।

তাঁদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়। এতে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইবিজিই (IBGE)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের আন্তর্জাতিক মানের জিনোমিক দিকনির্দেশনায় গবেষণাটি পূর্ণতা লাভ করে। এ ছাড়া গবেষণাপত্রটি লেখার ক্ষেত্রে সহযোগিতা করেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।

প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক স্বীকৃতি: তবে আন্তর্জাতিক জার্নালে এই গবেষণা প্রকাশের পথ মোটেও সহজ ছিল না। শুরুতে বিখ্যাত কয়েকটি জার্নালে গবেষণাপত্র জমা দেওয়ার পর তা প্রত্যাখ্যাত হয়। পর্যালোচকেরা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (ICNP) অনুযায়ী নতুন প্রজাতি দাবি করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য ‘কালচার কালেকশন’ কেন্দ্রে জমা দিতে হবে।

নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের বিশেষ সহায়তায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। অবশেষে পুনরায় যাচাই-বাছাই শেষে সফলভাবে ব্যাকটেরিয়াটিকে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।

গবেষণায় সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, “সবচেয়ে বড় প্রাপ্তি হলো, আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বে, তখন তারা আমাদের দেশকে চিনবে।”

তবে গুরুত্বপূর্ণ এই গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো ফান্ড বরাদ্দ পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রায় তিন লাখ টাকার বেশি খরচ করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচ নিজেদের পকেট থেকেই মেটাতে হয়েছে।

গবেষণা ফান্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্টকে ম্লান করে দিয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

টিউশন ফি ছাড়াই ইউরোপে পড়ার সুযোগ, গন্তব্য হাঙ্গেরি

0
ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে হাঙ্গেরি। তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচ, ইউরোপীয় শিক্ষাব্যবস্থার সুযোগ, বিভিন্ন ইংরেজি-মাধ্যমের প্রোগ্রাম এবং সরকারি বৃত্তির কারণে...

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

0
নওগাঁর রাণীনগরে পারিবারিক বিরোধে সংঘর্ষে গ্রামপুলিশসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া...

জয়: স্বপ্ন ছোঁয়ার গল্প

0
জয়ের বয়স মাত্র ১৭ বছর। ছোট্ট একটি গ্রামে তার বসবাস। বাবা একজন কৃষক, আর মা সংসার সামলান। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়।...

দিনাজপুরে ১৫ জাতের আঙুর চাষ, ১০ শতক জমিতে তহিদের স্বপ্ন

0
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামে মাত্র ১০ শতক জমিতে ১৫ জাতের আঙুর চাষ করেছেন কলেজশিক্ষার্থী তাওহীদুল ইসলাম তহিদ। ২০২৪ সালে কয়েকটি চারা দিয়ে শুরু...

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির নতুন ব্যবস্থা, ভল্টে ঢুকতে লাগবে ফেসলক

0
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন তৈরি, মুদ্রণ ও...