বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই ‘কানি’ নামে কোনো ঘূর্ণিঝড় আসছে—এমন পূর্বাভাস দেয়নি ভারতের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে আগামী সাত দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। ফলে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, ওডিশা বা পশ্চিমবঙ্গে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাতের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সাত দিনের পূর্বাভাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো সম্ভাবনা দেখানো হয়নি।
এর আগে ২৮ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। তবে এই পরিস্থিতি থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই।
বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থার তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি এবং ১ থেকে ২ ডিসেম্বরের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর শক্তি ও গতিপথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্ভাব্য নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপের দেওয়া এই নামটি উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামের তালিকায় রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা বা ভারতের কোন উপকূলে এটি আঘাত হানতে পারে, তা নির্দিষ্ট করে বলার মতো পূর্বাভাস নেই।













