আজ ১৪ নভেম্বর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও শিক্ষাবিস্তারের অগ্রদূত। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে নিজ গ্রাম শফিকপুরের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি শফিকপুর বিএম কলেজ এবং শফিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।
এই বিষয়ে সাংবাদিক মুরাদ মৃধা বলেন, মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধা সম্পর্কে আমার দাদা হন। আমি আমার ছোট্ট জীবনে কাছ থেকে দেখেছি তিনি শফিকপুর গ্রামের উন্নয়নের জন্য কী করেছেন। এলাকার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজে তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা খাতের উন্নয়নে তাঁর এই অসামান্য অবদান শফিকপুরবাসী চিরজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণীয় করে রাখবে।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।













