24 C
Dhaka
বুধবার, নভেম্বর ১১, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। একই সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়সওয়াল। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের অবস্থান তুলে ধরেন।

এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার সেবাবিষয়ক বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, সেটিও জানতে চাওয়া হয়।

জবাবে জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তবে এটি একটি কারিগরি বিষয়। প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, এটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরতে চাইলে ভারত দুই দেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান কী, তা হাইকমিশন জানাতে পারবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলেও জয়সওয়াল আগের বক্তব্যই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিষয়টি আইনি এবং সেই অনুযায়ীই এগোবে।

এর আগে গত সোমবার লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। তবে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, চিঠির সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের কোনো প্রমাণ বা প্রয়োজনীয় নথি ছিল না। ফলে এটি তাঁর অনুমোদিত আবেদন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বাংলাদেশ সরকার তাঁকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

এদিকে আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণ নথি এবং বাংলাদেশের বিদ্যমান আইনি ও রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের

0
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে...

প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর

0
দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা থেকে উপযুক্ত একটি মাদ্রাসা নির্বাচন করে তালিকা...

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ...

সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

0
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা এলাকা থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ৯ নভেম্বর (সোমবার) রাতে...

রমজান শুরু হতে বাকি আর কত দিন, জানাল চাঁদ দেখা কমিটি

0
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। সেই হিসাবে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে সম্ভাব্য বাকি...