32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

১০-১২ ঘণ্টা বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও

১০ থেকে ১২ ঘণ্টা বাইক চালিয়েও সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন রাজধানীর অনেক রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক। চলতি বছর তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বাইকের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি বলে অভিযোগ তাঁদের। অন্যদিকে অ্যাপে রাইডের অনুরোধ করেও চালক না পাওয়া কিংবা সরাসরি চুক্তিতে বাড়তি ভাড়া চাওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

চালকদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও রাইড শেয়ারিং অ্যাপগুলোতে ভাড়া যথাযথভাবে সমন্বয় করা হয়নি। ফলে অ্যাপের মাধ্যমে ট্রিপ নিয়ে খরচ পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে কেউ কেউ পেশা ছেড়ে দিচ্ছেন, আবার অনেকে অ্যাপের বাইরে সরাসরি চুক্তিতে যাত্রী পরিবহনে আগ্রহী হচ্ছেন।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও পল্টন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অসংখ্য মোটরসাইকেলচালক। দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না অনেকে। আবার যাত্রী পেলেও ভাড়া নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রিপ বাতিল হচ্ছে।

বাংলামোটর মোড়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন রবিন। চার বছর ধরে রাজধানীতে রাইড শেয়ারিং করছেন তিনি। তাঁর ভাষ্য, চলতি বছর তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পেশার চালকেরা।

রবিন বলেন, আগে পাঁচ থেকে ছয় ঘণ্টা রাইড শেয়ারিং করে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব হতো। এখন ১০ থেকে ১২ ঘণ্টা রাস্তায় থেকেও কোনো কোনো দিন সেই পরিমাণ টাকা আয় করা যাচ্ছে না। জ্বালানির খরচের পাশাপাশি বাইকের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে। ফলে আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান বাংলামোটর মোড়ে অপেক্ষমাণ আরেক চালক মিরাজ হোসেন। ছয় বছর ধরে রাজধানীতে রাইড শেয়ারিং করলেও বর্তমানের মতো যাত্রীসংকট আগে দেখেননি বলে জানান তিনি।

মিরাজ বলেন, এখন প্রায় প্রতিদিনই যাত্রীর অপেক্ষায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরতে হয়। যাঁরা বাইকে যেতে চান, তাঁদের অনেকেই তুলনামূলক কম ভাড়া দিতে চান। এতে অনেক সময় ট্রিপ হাতছাড়া হয়ে যায়। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই বাইকে যাতায়াত কমিয়ে দিয়েছেন। এখন জরুরি প্রয়োজন ছাড়া অনেকে বাইকে চলাচল করতে চান না।

চালকদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও অ্যাপের নির্ধারিত ভাড়া আগের তুলনায় যথেষ্ট বাড়েনি। এর সঙ্গে অ্যাপের কমিশন ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় ট্রিপ শেষে হাতে থাকা অর্থ দিয়ে জ্বালানি, বাইকের রক্ষণাবেক্ষণ ও সংসারের ব্যয় মেটানো কঠিন হচ্ছে। এ পরিস্থিতিতে অনেক চালক অ্যাপের বাইরে সরাসরি চুক্তিতে যাত্রী পরিবহনে আগ্রহী হচ্ছেন।

শাহবাগ মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা চালক শাহ আলম বলেন, রোদ-বৃষ্টিতে সারা দিন বাইক চালিয়েও এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাইকের খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় বহন করতে হয়। কিন্তু বর্তমান আয় দিয়ে এসব খরচ মেটানো যাচ্ছে না।

অন্যদিকে চালকদের এমন পরিস্থিতির কারণে যাত্রীদেরও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তাঁদের অভিযোগ, অনেক সময় অ্যাপে রাইডের অনুরোধ জানালেও চালকেরা তা গ্রহণ করেন না। আবার সরাসরি চুক্তিতে যেতে চাইলে অ্যাপের দেখানো ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করেন কেউ কেউ।

কারওয়ান বাজার মোড়ে গন্তব্যে যাওয়ার জন্য কয়েকজন চালকের সঙ্গে দরদাম করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শাহীন। কয়েকজনের সঙ্গে কথা বলার পর ১৮০ টাকায় গুলশান-২ যাওয়ার জন্য একটি বাইক ঠিক করেন তিনি। শাহীন বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে সবকিছুর খরচ বেড়েছে। তাই যতটা সম্ভব খরচ কমিয়ে চলার চেষ্টা করছেন। কিন্তু বেতনের সঙ্গে মাসিক ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না।

নিয়মিত পল্টন থেকে ধানমন্ডিতে যাতায়াত করেন মাহিন। তিনি বলেন, আগে এই পথে বাইকে যাতায়াত করতে ১৪০ থেকে ১৬০ টাকা লাগত। জ্বালানির দাম বাড়ার পর অফিসের সময় ২০০ টাকা দিয়েও অনেক সময় বাইক পাওয়া যায় না। চালকেরা অ্যাপে রাইডের অনুরোধ গ্রহণ করতে চান না। ফলে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়। তাঁর মতে, বাইকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হলে যাত্রীদের জন্য সুবিধা হতো।

এদিকে ভাড়া সমন্বয়ের বিষয়ে জানতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পিআর অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার মো. ফয়েজ বলেন, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ অনুযায়ী, রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ির জন্য নির্দিষ্ট কোনো ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়নি।

জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ার পর ভাড়া সমন্বয় করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ডাইনামিক প্রাইসিং পদ্ধতির মাধ্যমে ভাড়া সমন্বয় করা হয়েছে। পাশাপাশি বাইকচালকদের আয় বাড়াতে ও সহায়তা করতে কোয়েস্টভিত্তিক বোনাসসহ নির্দিষ্ট কিছু প্রণোদনা চালু করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপের ডিসকাউন্ট ও কমিশনের কারণে চালকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন—এমন অভিযোগের বিষয়ে ফয়েজ বলেন, চালকদের আয়, কাজের আগ্রহ এবং সেবার মানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পাঠাও। ভাড়া ও কমিশন নিয়ে চালকদের উদ্বেগও গুরুত্ব দেওয়া হয়। তাঁর দাবি, কোম্পানির প্রচারণামূলক ডিসকাউন্টের সম্পূর্ণ খরচ পাঠাও বহন করে; চালকদের এর কোনো অংশ বহন করতে হয় না। সফটওয়্যারের মাধ্যমে ডিসকাউন্টের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয় এবং চালকেরা তাঁদের সম্পূর্ণ আয় পান।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং পরিবহন খরচের প্রভাব পড়েছে রাইড শেয়ারিং খাতেও। একদিকে চালকেরা ন্যায্য আয় না পাওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে বাড়তি ভাড়া ও রাইড না পাওয়ার ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এ পরিস্থিতিতে চালক ও যাত্রী—উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে রাইড শেয়ারিং খাতে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। চালকদের জন্য যৌক্তিক পারিশ্রমিক এবং যাত্রীদের জন্য সহনীয় ভাড়া নিশ্চিত করতে সরকার ও রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কার্যকর উদ্যোগ না এলে আরও চালক এ পেশা ছেড়ে দিতে পারেন, যা পুরো রাইড শেয়ারিং খাতের ওপর প্রভাব ফেলতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

0
জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়ন...

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান

0
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজপথে থেকেই সব...

বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

0
আতশবাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আতশবাজি পোড়ানো...

হাসনাতের আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রী যা উত্তর দিলেন

0
‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতির অভিযোগ, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রগতি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ...

রান্নার গ্যাসে বাড়তি চাপ, দুই মাসেই বেড়েছে ৪৭৫ টাকা

0
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের জন্য বড় ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চে ১২ কেজির একটি...