26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ সরকারের

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে বুধবার (১১ নভেম্বর) অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে অনুরোধ জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চাল বিক্রি করা হবে। এ জন্য ৭৫টি খোলা ট্রাক ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে চাল রাখা হলে এক দিনে মোট ৩৭৫ টন চাল বিক্রি করা সম্ভব হবে।

প্রাথমিকভাবে তিন মাস কর্মসূচি পরিচালনার পরিকল্পনা থেকে মোট ৪ হাজার ৫০০ টন অতিরিক্ত চালের সংস্থান চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মন্ত্রণালয়। তবে কর্মসূচি শুরুর জন্য অর্থ বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের বিষয়টি এখনো বাকি রয়েছে।

অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, খাদ্যপণ্যের দাম বাড়ার সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সহায়ক হতে পারে। তবে তিন মাসের মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে চালু রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

তাঁর মতে, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেলে শ্রমিকদের মধ্যে আবার খাদ্যসংকট ও আর্থিক চাপ তৈরি হতে পারে। এ সুবিধা বেতনের সঙ্গে সমন্বয় করে স্থায়ীভাবে বহাল রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আবু আহমেদ আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই খাদ্যসহায়তার পাশাপাশি দ্রুত নতুন মজুরি কাঠামো নির্ধারণ জরুরি। এতে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট কমাতে সহায়তা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ৩০ টাকা কেজি দরে চাল সরবরাহের উদ্যোগে সরকারের খাদ্য ভর্তুকির পরিমাণ বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও শ্রমিকদের সহায়তায় সরকার উদ্যোগী। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণে মালিকপক্ষেরও আরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন ওই কর্মকর্তা।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। সেখানে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

0
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘট শুরু করায় শনিবার (১৪ নভেম্বর)...

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

0
সরকারি চাকরিজীবীদের পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণে নতুন বিধান যুক্ত করে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংশোধন করেছে সরকার। সংশোধিত আদেশ অনুযায়ী, বিদ্যমান...

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0
আজ ১৪ নভেম্বর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না...

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

0
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি আবুল হোসেন খানের দুই ছেলে আবুল কালাম খাঁন (৪৫) ও আবুল হাসনাত কাজলকে (২৮) জেল...

বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র

0
বাংলা ভাষায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির পরিকল্পনা করছে সরকার। এ জন্য দেশে শক্তিশালী কম্পিউটার, সার্ভার ও তথ্য সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা হবে।...