ইরানের আধাসামরিক বাহিনী বাসিজকে আরও আধুনিক ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’—এই স্লোগান বাস্তবায়নে দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। দেশটির বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী বাসিজের কার্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, ইরানি জনগণের জাগ্রত শক্তিকে কাজে লাগিয়ে সংগঠনটিকে আরও উন্নত ও আধুনিক রূপ দিতে হবে। পাশাপাশি বাসিজি সংস্কৃতি ও আদর্শের বিস্তার ঘটাতে হবে।
বার্তায় মোজতবা খামেনি বলেন, তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বাসিজি চেতনার যে বিস্তার ঘটেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনটির নতুন করে পরিবর্তন ও পুনর্জাগরণ প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের ব্যাপক সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজকে শক্তিশালী করতে হবে। এ জন্য ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নে এখন থেকেই দীর্ঘমেয়াদি, দৃঢ় ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাসিজি চিন্তাধারার বিস্তারের বিষয়টিও নিজের বার্তায় তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সামরিক বাহিনী, আইআরজিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই আদর্শ ছড়িয়ে পড়েছে।
মোজতবা খামেনির ভাষ্য, দায়িত্ব ও পদমর্যাদায় পার্থক্য থাকলেও এসব মানুষের মধ্যে বাসিজি আদর্শ ও জীবনধারার প্রতি অনুরাগ রয়েছে। অনেকেই সংগঠনটির আনুষ্ঠানিক সদস্য না হয়েও এর চিন্তাধারা ও আচরণ ধারণ করেন। জনগণের এই ব্যাপক সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।













