32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে গুগল। প্রকল্পটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। এটি অঙ্গরাজ্যটিতে গুগলের প্রথম ডেটা সেন্টার প্রকল্প।

তবে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। বিদ্যুতের বিপুল চাহিদা, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় অবকাঠামোর ওপর চাপ নিয়ে উদ্বেগের মধ্যে গুগলের এই বিনিয়োগের পরিকল্পনা সামনে এসেছে।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে টালগ্রাস এনার্জি, ব্ল্যাক হিলস এনার্জি, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার (এপ) এবং রিলেটেড ডিজিটালের সঙ্গে কাজ করবে গুগল। ওয়াইওমিংয়ের লারামি কাউন্টির চেয়েন এলাকায় নির্মিতব্য এই ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণে ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল-সেল প্রকল্প নেওয়া হয়েছে। এতে কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তিও যুক্ত থাকবে। ফুয়েল-সেল সরবরাহ করবে ব্লুম এনার্জি।

গুগলের এই বিনিয়োগের ঘোষণা এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিরোধিতা জোরালো হচ্ছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ডেটা সেন্টার-সংশ্লিষ্ট ৪১টি ব্যালট প্রস্তাবের মধ্যে ৪০টিতে ভোটাররা এ ধরনের প্রকল্প সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। কোথাও নতুন ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা, কোথাও সাময়িক স্থগিতাদেশ, আবার কোথাও স্থানীয় অনুমোদনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব সমর্থন পেয়েছে।

এ পরিস্থিতির প্রভাব পড়ছে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনায়ও। সম্ভাব্য স্থানীয় বিধিনিষেধের আশঙ্কায় টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে ডেটা সেন্টার চুক্তি সম্প্রসারণে সম্মতি দেয়নি মাইক্রোসফট বলে জানিয়েছে রয়টার্স। এতে এআই অবকাঠামো নির্মাণের ভবিষ্যৎ গতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেটা সেন্টার খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ব্লুম এনার্জির শেয়ারদরও সাম্প্রতিক সময়ে ১৪ শতাংশের বেশি কমেছে। স্থানীয় পর্যায়ে নতুন বিধিনিষেধ আরোপ করা হলে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার ব্যয় এবং পরিকল্পনায় প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির উন্নয়ন ও পরিচালনায় ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। বিদ্যুৎ সরবরাহ, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় বাসিন্দাদের ওপর সম্ভাব্য চাপ নিয়ে উদ্বেগ বাড়ায় প্রকল্প অনুমোদন পাওয়া কঠিন হয়ে উঠছে। ফলে একদিকে এআই অবকাঠামোয় বড় বিনিয়োগের প্রতিযোগিতা চলছে, অন্যদিকে স্থানীয় জনগণের সমর্থন আদায়ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স, গুগল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

গঙ্গার পানি, গার্মেন্টস ও এলপিজি নিয়ে সংসদে আলোচনার নোটিশ

0
গঙ্গার পানি বণ্টন চুক্তি, তৈরি পোশাকশিল্পের সংকট, সার সরবরাহে অনিয়ম ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল...

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন জমা পড়েনি: হাইকমিশন

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে তাঁর...

৩৯.১ ইঞ্চির স্ক্রিন ও ৪৯০ হর্সপাওয়ার, নতুন মার্সিডিজ জিএলসি ইভি

0
ভারতের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি জিএলসি ইলেকট্রিক লঞ্চ করেছে মার্সিডিজ-বেঞ্জ। ৭৮ লাখ ৫০ হাজার রুপি এক্স-শোরুম দামের গাড়িটিতে রয়েছে ৯৪ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ডুয়াল মোটর...

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীতের আমেজ বাড়বে নভেম্বরের তৃতীয় সপ্তাহে

0
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর বদলে যায় রাজধানী ঢাকার আবহাওয়া। আকাশে কালো মেঘ জমে, সঙ্গে বইতে থাকে শীতল বাতাস।...

ভর্তি-সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে: ইউজিসি

0
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধি অনুযায়ী নিজেরাই নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম...