নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যবইয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণ এবং পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান। তিনি বলেন, স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগের জন্য শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। এর মধ্যে স্কুল ড্রেসের জন্য ৬০০ টাকা, ব্যাগের জন্য ৬০০ টাকা, জুতার জন্য ৭০০ টাকা এবং মোজার জন্য ৫০ টাকা ধরা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এটি সম্ভাব্য সর্বোচ্চ ব্যয়। দরপত্রের মাধ্যমে কেনাকাটার সময় প্রকৃত ব্যয় আরও কমানোর চেষ্টা করা হবে। পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, স্কুল ড্রেসের মান, রং, কাপড় এবং শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী মাপ নির্ধারণে বিজিএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হয়েছে। পাইলট কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই লাখ ইউনিফর্ম দিয়েছে। পাশাপাশি বাটা ও অ্যাপেক্সসহ বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০ হাজার জুতা দিয়েছে। এসব উপকরণের মান ও উৎপাদন ব্যয় বিবেচনায় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তবে প্রথম বছরেই শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থীর হাতে ড্রেস, জুতা ও ব্যাগ তুলে দেওয়া সম্ভব নাও হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য পোশাক ও জুতার মাপ, মানসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমবারের মতো এত বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়নে বাড়তি প্রস্তুতির প্রয়োজন। তাড়াহুড়া করে ত্রুটিপূর্ণ উপকরণ দিতে চান না তাঁরা। আগামী বছর থেকে পর্যায়ক্রমে এসব উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী বছরগুলোতে স্কুল খোলার সময়ই শিক্ষার্থীদের হাতে সব উপকরণ তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ খাতে একজন কর্মীর মাসিক সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ৫ হাজার টাকা। পাঁচ বছরে এ খাতে মোট ব্যয় হতে পারে প্রায় ২ হাজার কোটি টাকা।
প্রতিমন্ত্রী বলেন, চার থেকে ১০ বছর বয়সী শিশুদের কাছ থেকে সব সময় পরিচ্ছন্নতা বজায় রাখার সচেতনতা আশা করা যায় না। বিদ্যালয়ের শৌচাগার ও পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। শিক্ষকদের দিয়ে শৌচাগার পরিষ্কার করানো কিংবা শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।
পিইডিপি-৫ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা। প্রতিমন্ত্রী জানান, প্রথমে প্রকল্পটির ব্যয় ৪৭ হাজার কোটি টাকার বেশি ধরা হয়েছিল। পরে বিভিন্ন খাত পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। পিইডিপি-৪ গত জুনে শেষ হয়েছে। এরপর জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পিইডিপি-৫ চালুর কথা ছিল।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ নিয়েও তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই দেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা ফল নিতে এসে পরবর্তী বছরের বই নিয়ে যেতে পারবেন।
পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের অন্য বিদ্যালয়গুলোতেও এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, রান্না করা খাবার এবং কুপনের মাধ্যমে খাবার দেওয়ার দুটি প্রস্তাব এসেছে। দেশব্যাপী চালুর আগে পদ্ধতি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। ফলাফল পর্যালোচনা করে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, শুধু খাবার সরবরাহ নয়, শিশুদের পুষ্টি নিশ্চিত করাই মিড-ডে মিল কর্মসূচির লক্ষ্য। বিদ্যালয়ের খাবার থেকে শিশুর দৈনিক পুষ্টির চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট ও কার্বোহাইড্রেটের চাহিদা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। রান্না করা খাবারে স্থানীয় সবজি, মাছ, মাংস ও ডিম রাখার পরিকল্পনাও রয়েছে। সূত্র: যুগান্তর













